দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-২১) : দৈনন্দিন রুটিনে ব্যায়ামের জন্য সময় রাখুন
ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং প্রতিরোধের উপায় জানার মাধ্যমে
দীর্ঘজীবন লাভের উপায়
অধ্যায়-২০
দৈনন্দিন রুটিনে ব্যায়ামের জন্য সময় রাখুন
কায়িক শ্রমের কোনো পেশায় যারা নিয়োজিত নেই, তারা ব্যায়ামের জন্য প্রতিদিন অবশ্যই একটা সময় আলাদা করে রাখতে হবে। হাঁটাহাঁটি, জগিং বা সাইক্লিয়ের জন্য উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা। এসময় রাস্তাঘাট থাকে নিরিবিলি, যানজটমুক্ত; বায়ুও থাকে নির্মল। অনেকে রাতে দেরি করে ঘুমাতে যাবার কারণে সকালে উঠতে দেরি হয়। এমন আত্মবিধ্বংসী রুটিন অবশ্যই পরিহার করা উচিত। তাড়াতাড়ি বিছানায় গিয়ে সকালে কর্মস্থলে যাবার আগে আগেই যাতে ব্যায়াম সেরে ফেলা যায়, সেভাবে রুটিন করতে হবে। সকালেই যদি ব্যায়ামের কাজটা সেরে ফেলা যায়, সারাদিন ব্যায়াম নিয়ে আর চিন্তা করতে হয় না। যারা খেলাধুলা করেন, তাদের বিষয়টা ভিন্ন। তারা ভোরে না উঠলেও হবে।
খেলাধুলা, হাঁটাহাঁটি, জগিং, ব্যায়াম, সাইক্লিং বা সাঁতার প্রতিদিন কমপক্ষে একঘন্টা করে করা উচিত। তবে কোনোক্রমেই ৪০ মিনিটের কম করা উচিত নয়। একঘন্টার বেশি করলে তো কথাই নেই!
‘হার্ট অ্যাটাক : গোল্ডেন আওয়ার’ শিরোনামে ২৪ মার্চ ২০১৮ তারিখের প্রথম আলোর মতামত পাতায় প্রকাশিত একটি লেখায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম লিখেন, ‘(হার্ট অ্যাটাক) এর একটা মহৌষধ নিয়মিত ব্যায়াম। আমরা যদি মনে করি, একটি দিন ২৪ ঘন্টার নয়, ২৩ ঘন্টার, তাহলে অনেক সমস্যার সমাধান হয়। কারণ, বাকি এক ঘন্টা ব্যায়ামের জন্য রাখতে পারি।’
যাদের শরীরে এখনো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ দেখা দেয়নি, এখন থেকেই তারা ব্যায়ামে অভ্যস্ত হওয়া উচিত। নয়তো রোগ যখন আক্রমণ করে বসবে, তখন ঔষধও সেবন করতে হবে, কম কম এবং বেছে বেছেও খেতে হবে, ব্যায়ামও করতে হবে বাধ্য হয়েই। কী লাভ! রোগ কিন্তু একবার পেয়ে বসলে মৃত্যু পর্যন্ত আর ছাড়বে না। হয়তো রোগটিই আপনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেবে আক্রমণ করার অল্প কয়েক বছরের মধ্যেই!
সামরিক বাহিনীতে যারা কাজ করেন, তাদের রুটিনে ব্যায়ামের জন্য তো সময় থাকেই, শোবিজ অঙ্গনেও যারা কাজ করেন, তারাও ব্যায়ামকে নিত্যকর্ম হিসেবে গ্রহণ করে থাকেন। বিশেষ করে মুটিয়ে যাওয়া থেকে নিজেদের রক্ষার জন্য এরা জিমে প্রতিদিন প্রচুর ঘাম ঝরান।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান সম্পর্কে ৭ ডিসেম্বর ২০১৭ তারিখে দৈনিক আমাদের সময় পত্রিকার বিনোদন পাতায় ‘সালমানের ফিটনেস রহস্য ফাঁস’ শিরোনামে হিন্দুস্তান টাইমস অবলম্বনে একটি চমকপ্রদ সংবাদ ছাপা হয়। সংবাদে বলা হয়, ‘সালমানের ‘সুলতান’ আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর সম্প্রতি এই নায়কের ফিটনেস রহস্য ফাঁস করেছেন। আলী আব্বাস বলেন, ‘সালমান নিজেকে ফিট রাখার জন্য অনেক ব্যায়াম করেন। এই ছবির শুটিং শুরুর আগের তিন মাস সালমান বলতে গেলে জিমে পুরো জীবন দিয়ে দিয়েছেন। ছবির শুটিং মরুভূমিতে হোক আর বরফঢাকা কোনো পাহাড়ে- সালমান এক দিনের জন্যও শরীরচর্চা বাদ দেননি। প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে সেটে আসতেন তিনি। এই রকম আবহাওয়ায় সাইকেল চালিয়ে এত দূর পাড়ি দেওয়া সহজ নয়।’
সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হচ্ছে, ফুটবল, ক্রিকেট এসব কায়িক শ্রমনির্ভর খেলা খেলতে গিয়ে এমনিতেই অনেক ঘাম ঝরে। তবু এসব খেলা যারা খেলে থাকে, তারা দেখি ব্যায়াম করেও আরো ঘাম ঝরায়। অনেক খেলোয়াড় ব্যায়াম করতে গিয়ে ব্যায়ামরত অবস্থার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ২০১৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমনই একটি ছবি পোস্ট করেন ২৫ অক্টোবর ২০১৭ নিজের ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে, জিমে পায়ের ব্যায়াম করছেন তিনি।
আমার বিশ্বাস, যারা এভাবে ব্যায়ামকে প্রাত্যহিক জীবনের আবশ্যকীয় অঙ্গ হিসেবে গ্রহণ করে, তারা বিধ্বংসী অনেক রোগ থেকে রক্ষা পায়। খেলোয়াড়রাও যখন মাঠে এতো পরিশ্রমের পর জিমে গিয়ে আবার ব্যায়ামে সময় দেয়, যারা খেলোয়াড় নয়, তাদের রুটিনে ব্যায়াম থাকা কি অপরিহার্য নয়?
২২তম পর্ব:
https://waytogainlonglife.blogspot.com/2022/09/blog-post_29.html

0 Comments: